পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
গোপালগঞ্জের সব বন্ধ থানা পুনরায় চালু, জেলা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য প্রত্যাহার এবং স্বাভাবিক রেল যোগাযোগ নিশ্চিত করাসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ
জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন যানবাহন ও সরকারি স্থাপনাও হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া একটি হাসপাতালে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে চিকিৎসাসেবার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
বিবৃতিতে যে আট দফা দাবি জানানো হয়েছে
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিবৃতিতে আটটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো—
১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা থেকে সব বিজিবি সদস্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. জেলার সব বন্ধ থানা দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।
৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রেখে রাষ্ট্রীয় দায়িত্ব ও জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক করতে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
৫. গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন প্রকল্প ও নাগরিক সেবা বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে কোনো ধরনের বৈষম্যের শিকার করা যাবে না।
৬. রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রত্যাহার করতে হবে। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।
৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে জমি-জমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জরুরি নাগরিক সেবা পুনরায় চালু করতে হবে।
৮. গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।
নাগরিক অধিকার ও বৈষম্যহীন সেবার দাবি
বিবৃতিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ জেলার মানুষও দেশের সমান নাগরিক। তাই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে জেলার মানুষকে বঞ্চিত করার সুযোগ নেই।
রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করছে, সেগুলো প্রত্যাখ্যান করছে দলটি। একই সঙ্গে আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
সূত্র: কালবেলা।