হজযাত্রীদের সুবিধায় বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী
হজযাত্রীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালন করা ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
আলেম-ওলামাদের দোয়া কামনা
বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমরা
দুই দিনব্যাপী এ মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা।
এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সূত্র: কালবেলা/পিআর।