৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনের ইউপি নির্বাচনবিষয়ক মতবিনিময় সভায়ও জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের নির্বাহী পরিষদের।

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে যাবে: গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম

প্রধানমন্ত্রীর আহ্বান করা রাজনৈতিক সংলাপে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত মতবিনিময় সভাতেও জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে ১১ দলীয় জোটবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। সেখানেও ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে। তারিখ ও সময় চূড়ান্ত হলে তা জানানো হবে।

সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সংলাপের সূচনা তাদের পক্ষ থেকেই হয়েছে। এ ক্ষেত্রে আমন্ত্রণ মুখ্য বিষয় নয়। খুব শিগগিরই সংলাপের দিনক্ষণ নির্ধারণ করা হবে। বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় এখনো তারিখ চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন দলটির এই নেতা। তিনি বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।

ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের ভূমিকারও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দেশটি অবস্থান নিয়েছে। এ ধরনের অবস্থানের তীব্র নিন্দা জানান তিনি।

এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান গোলাম পরওয়ার। ওই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী জেহাদ খানকেই প্রার্থী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।