সাবেক এমপি দোলনের ৭ দিন, অভিনেতা তমালসহ দুজনের ৪ দিনের রিমান্ড
ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা এদিন তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলন, ধানমন্ডি থেকে মিজানুর রহমান এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে গ্রেফতার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ থাকার তথ্যও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন বলেও দাবি করা হয়েছে।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে তিনজনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা।