প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া ডা. শফিকুরের, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার ঘটনা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এক মঞ্চে ওঠা কিংবা যুগপৎ কর্মসূচি পালনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
রাজনৈতিক দলগুলোর সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর জোট ৪০ দিনের কর্মসূচি এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
নাশকতা প্রতিরোধে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে মতপার্থক্য রয়েছে। ফলে জাতীয় ঐক্য কতটা কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে।’
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, পৃথক কর্মসূচির পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন। সেখানে ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
বিরোধী দলগুলোর কয়েকটি সূত্রের দাবি, বিএনপির সঙ্গে বিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের ক্ষেত্রে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তাদের অভিযোগ, এসব ব্যক্তির বক্তব্য ও আচরণ ঐক্যের পথে বাধা তৈরি করছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা জানতে চায় বিরোধী শিবির।
বিরোধী সূত্রগুলো আরও বলছে, ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের মতে, এ ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো কীভাবে কার্যকর হবে এবং সংবিধানে জুলাই-সম্পর্কিত বিষয়গুলো কতটুকু যুক্ত হবে, তা লিখিতভাবে চূড়ান্ত করতে হবে। তবে দলগুলো নিজ নিজ অবস্থান থেকেই রাজপথে কর্মসূচি পালন করবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টার বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল প্রতিরোধ গড়ে তুলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক নেই উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এ ক্ষেত্রে কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়ে সনদ বাস্তবায়ন করা হবে। তার ভাষ্য, দেশের ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য প্রতিরোধে জুলাই শক্তির অংশ হিসেবে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপি এখন সরকারি দলে এবং জামায়াত বিরোধী দলে থাকায় এক মঞ্চে বা যুগপৎ আন্দোলন হবে না। নৈরাজ্য প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলো পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সক্রিয় রয়েছেন। তবে তার অভিযোগ, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে হওয়া আলোচনায় এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে তারা জানেন না। তার মতে, জাতীয় ঐক্যের জন্য সবাইকে একই মঞ্চে আসার প্রয়োজন নেই; বরং নিজ নিজ অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই যথেষ্ট।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তার মতে, ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।