৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট

সহিংসতার মধ্যে বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা

সহিংসতার মধ্যে বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সহিংসতা, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরছেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয়। এ সময় নামফলকও ভাঙচুর করা হয়।

পরদিন বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে তারা সাত দিনের সময়সীমা বেঁধে দেন। একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের পড়াশোনার ক্ষতি হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বারবার ছাত্রলীগের মিছিল আসছে এবং প্রশাসনের ওপর চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনের নেতারাও। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবেন, এমন নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনও সড়ক অবরোধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা কে দেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

অন্যদিকে ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ ও বিজিবির পক্ষ থেকেও সহায়তা পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানানো হলেও সেখানে বিজিবি মোতায়েন করা হবে না বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান।