৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৩৩ হাজারের

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৩৩ হাজারের

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের ফল দেখছেন এক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।

বোর্ডভিত্তিক হিসাবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে এ হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তিত হয়েছে। আবেদনকারীদের মধ্যে এ হার ৭ দশমিক ১৬ শতাংশ।

অন্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় ৩ হাজার ৬৫ জন, রাজশাহীতে ৭৭৯ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন এবং চট্টগ্রামে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। সিলেটে ১ হাজার ৩৫৩ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তিত হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

শুধু ফল পরিবর্তনের সংখ্যা নয়, শতকরা হারেও বোর্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ময়মনসিংহের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে আবেদনকারীদের ২২ দশমিক ৫৫ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ২২ দশমিক ১৩ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফলসংক্রান্ত এসএমএস পাঠানোর ব্যবস্থা রয়েছে।

কেন্দ্রীয় ফলাফল দেখার ওয়েবসাইট: https://eduboardresults.gov.bd/