৬ মাসের মধ্যে শিক্ষক সংকট দূর হবে: শিক্ষামন্ত্রী
আগামী ছয় মাসের মধ্যে দেশের সব বিদ্যালয়ে শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিয়েছেন। আগামী পাঁচ বছরে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এ পরিকল্পনার আওতায় দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় থাকবে না।
তিনি আরও জানান, মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপ্লোমা শেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি চলতি অর্থবছরেই দেশের নয়টি বিভাগে চীনের আদলে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি চীনা, আরবি, জাপানি অথবা কোরীয় ভাষার যেকোনো একটি শেখার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
প্রাথমিক শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সরঞ্জামের জন্য বছরে ৬ হাজার টাকা, শিক্ষার্থীদের পোশাকের জন্য ভ্যাট-ট্যাক্সসহ ১ হাজার ৯৫০ টাকা এবং পুষ্টিকর টিফিনের জন্য শিক্ষার্থীপ্রতি ৩৮ টাকা ৫০ পয়সা বরাদ্দ করা হয়েছে। এসব সুবিধা কুপন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হবে।
এ ছাড়া যেসব বিদ্যালয়ের পাশে খালি জায়গা রয়েছে, সেখানে জমি অধিগ্রহণ করে খেলার মাঠ তৈরির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।
সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী। এ সময় গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং জেলা বিএনপির সদস্য এ কে এম গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।