৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, আওয়ামী লীগের ১০৭ জন

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, আওয়ামী লীগের ১০৭ জন

ছবি: সংগৃহীত

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিভিন্ন অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।

বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।