৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী

ঢাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১৪

ঢাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১৪

ছবি: সংগৃহীত

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানী ঢাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জনসহ মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫০৭ জন রয়েছেন।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিয়াজ মেহেদী বলেন, নগরজুড়ে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট, পিকেট ডিউটি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্লক রেইড ও চিরুনি অভিযান চলছে।

ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা রাজধানীতে আশ্রয় নিয়েছেন, তাদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। নগরবাসী যেন স্বাভাবিকভাবে জীবনযাপন এবং অফিস-আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেটিই পুলিশের প্রধান লক্ষ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরায় পৃথক অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার জানান, গত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা পশ্চিম থানার পুলিশ নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে। ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তার বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবন থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধেও মামলা রয়েছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।