বডি ওর্ন ক্যামেরা নিয়ে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিলের প্রেক্ষাপটে সোমবার জেলাটিতে বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বেশিরভাগ সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
বিজিবির বার্তায় আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রোববার গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সদর ও আশপাশের এলাকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। পরে তারা লগি-বৈঠা নিয়ে মিছিল করে শহরের বিভিন্ন এলাকা ঘোরেন।
এ ঘটনার মধ্যে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। পরদিন সোমবার বাড়তি সতর্কতার অংশ হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।